দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মরিয়মের বাবার করা মামলায় রোববার রাতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবন কমপ্লেক্সের ৫ নম্বর ভবনের তিনতলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে গভীর রাতে মরিয়ামের বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।
মামলায় সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা মো. ওবাইদুর রহমানকে আসামি করা হয়েছে।
এজাহারে নিহতের বাবা অভিযোগ করেন, চলতি বছরের জুন মাসে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই ফ্ল্যাটে এমপি ও তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে মরিয়ম থাকতো। সেখানে মরিয়মকে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। নির্যাতনের বিষয়টি তিনি মোবাইল ফোনে একাধিকবার পরিবারকে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত এই শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়ম আত্মহত্যার পথ বেছে নেন।
এদিকে লাশ উদ্ধারের পর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘর থেকে হাতে লেখা একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ, যার তথ্য মামলার বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্টদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মতামত দিন