ইয়াবাসহ গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মৃধা (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সুমন জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত ব্যক্তি।
ডিবি পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সুমন মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মতামত দিন