সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় ৫০ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নাম-ঠিকানাসহ এ গেজেট প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেটে বলা হয়, “জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ অনুসারে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বন্টনকৃত সংরক্ষিত মহিলা আসনসমূহের ভিত্তিতে ধারা ২৬(২) অনুসারে নির্বাচন কমিশন এতদ্বারা জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ‘সংসদ সদস্য’ হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম এবং ঠিকানা প্রকাশ করিতেছে।”
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ৫০ সংরক্ষিত আসনে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে বলে ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ১৯ ফেব্রুয়ারি সংরক্ষিত ৫০টি নারী আসনে জমা দেওয়া ৫০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংরক্ষিত নারী আসন বণ্টনে স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় ৫০ আসনের ৪৮টিই পায় ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পায় জাতীয় পার্টি। সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৪ ফেব্রুয়ারি বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে