চলতি সপ্তাহেই নবম পে-স্কেলের গেজেট: মন্ত্রিপরিষদ সচিব
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন পে-স্কেলের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় বেতনস্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের প্রারম্ভিক মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত হয়েছে।
নতুন স্কেলে সর্বোচ্চ গ্রেড ১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৪২ শতাংশ।
নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬-ও অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো মাসিক ৩ হাজার টাকা ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের পথও খুলে গেল। গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ ও বিভিন্ন সুবিধা বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।
মতামত দিন