সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রজ্ঞাপন জারি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২৪ জুলাই) জারি করা এই প্রজ্ঞাপন দুটি শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী নিজ পদ থেকে পদত্যাগ করেছেন এবং তাঁর এই পদত্যাগ সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই আদেশও তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি নির্ধারণের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, দলের নীতিনির্ধারণী ফোরামের আলোচনার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন