ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ
রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একীভূত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ আদেশে প্রণীত এই অধ্যাদেশের ফলে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এই বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাদেশটি জারি করেন। সংসদ ভেঙে যাওয়ার পর উদ্ভূত জরুরি পরিস্থিতি বিবেচনায় ৮ ফেব্রুয়ারি থেকেই এটি কার্যকর করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী ঢাকা মহানগরের যে সাতটি সরকারি কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত হয়েছে, সেগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
এতে বলা হয়েছে, সংযুক্ত কলেজগুলোর নিজস্ব নাম, ঐতিহ্য, বিদ্যমান অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা এবং বর্তমান সব সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠার আগ পর্যন্ত ভাড়া করা ভবন বা উপযুক্ত স্থানে এর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাদান, পাঠ্যক্রম প্রণয়ন, সনদ প্রদান, উচ্চতর গবেষণা, প্রশিক্ষণ এবং শিল্প-একাডেমি সংযোগসহ নানা দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকবেন পদাধিকারবলে রাষ্ট্রপতি, যিনি সমাবর্তন ও একাডেমিক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার ছাড়াও রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট, গ্রন্থাগারিক এবং বিভিন্ন স্কুল ও সেন্টারের প্রধানরা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। সিন্ডিকেট হবে নির্বাহী সংস্থা, আর একাডেমিক কাউন্সিল শিক্ষা কার্যক্রম তদারক করবে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র-শিক্ষক কেন্দ্র ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাও অধ্যাদেশে অন্তর্ভুক্ত রয়েছে।
অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান নির্বিশেষে দেশি-বিদেশি সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এই বিশ্ববিদ্যালয়। একাডেমিক ও আর্থিক কার্যক্রম তদারক করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), যা প্রয়োজনে তদন্ত ও আকস্মিক পরিদর্শন করে ত্রুটি সংশোধনের নির্দেশ দিতে পারবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ ইউজিসি রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে। এর ধারাবাহিকতায় গত বছরের ১২ নভেম্বর এসব কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে