ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা যুদ্ধভিত্তিক ‘নাজা’র রেকর্ড সাড়ে ২৪ মিনিটের করতালি
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট দাঁড়িয়ে করতালি পেয়েছে গাজা যুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। আয়োজকদের বর্ণনা অনুযায়ী, এটি ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এবং বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে দীর্ঘতম ‘স্ট্যান্ডিং ওভেশন’-এর রেকর্ড গড়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হয়। ‘নো আদার ল্যান্ড’খ্যাত অস্কারজয়ী ইসরায়েলি পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর যৌথভাবে এটি পরিচালনা করেছেন।
প্রদর্শনী শেষে মিলনায়তনে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দর্শকেরা প্রায় সাড়ে ২৪ মিনিট দাঁড়িয়ে হাততালি দেন। এ সময় অনেক দর্শককে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরতে দেখা যায়। পরিচালকদ্বয়সহ মিলনায়তনের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
‘দ্য জোন অব ইন্টারেস্ট’ চলচ্চিত্রের জন্য অস্কারজয়ী পরিচালক জোনাথন গ্লেজার, যিনি ‘নাজা’র নির্বাহী প্রযোজকদের একজন, প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে তিনি ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোরকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান।
কী আছে ‘নাজা’তে
অফিশিয়াল বর্ণনা অনুযায়ী, ‘নাজা’ প্রামাণ্যচিত্রে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা এবং বেসামরিক মানুষের মৃত্যুর পেছনের সামরিক প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রটির নাম ‘নাজা’ একটি হিব্রু সামরিক পরিভাষা বা সংক্ষিপ্ত রূপ থেকে এসেছে। এটি বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক প্রাণহানি বা ‘কোলেটারাল ড্যামেজ’ বোঝাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি শব্দ বলে ছবিটির নির্মাতারা জানিয়েছেন।
তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে রাতের আঁধারে গোপনে তিন বছর ধরে প্রামাণ্যচিত্রটির শুটিং করা হয়েছে। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা ও সেনাসদস্যসহ ২৪ জনের সাক্ষাৎকার রয়েছে। তাদের বক্তব্যের মাধ্যমে সামরিক অভিযানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ইউভাল আব্রাহাম বলেন, ইসরায়েলি নাগরিক হিসেবে তারা নিজেদের সমাজের সেনাবাহিনীতে কাজ করা ব্যক্তিদের অভিজ্ঞতা জানার সুযোগ পেয়েছেন। বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা যে সামরিক ব্যবস্থাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করছে, সেটি কীভাবে পরিচালিত হচ্ছে, তা অনুসন্ধান করতেই তারা এই সুযোগ কাজে লাগিয়েছেন বলে জানান তিনি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও প্রযোজক জেডব্লিউ ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাজা’ শেষ মুহূর্তের কাজ চলায় ভেনিস উৎসবের প্রাথমিক তালিকা ঘোষণার পর মূল প্রতিযোগিতা বিভাগে যুক্ত হয়। এবারের উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়া একমাত্র প্রামাণ্যচিত্র এটি।
এর আগে ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর পরিচালিত ‘নো আদার ল্যান্ড’ পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর থেকে উচ্ছেদের ঘটনা তুলে ধরে। প্রামাণ্যচিত্রটি ২০২৫ সালে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জেতে।
ভেনিস চলচ্চিত্র উৎসবে এর আগে দীর্ঘতম করতালির রেকর্ড ছিল তিউনিসিয়ার পরিচালক কাউছার বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’-এর দখলে। গত বছর প্রদর্শনী শেষে ছবিটি ২২ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়েছিল। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে ছয় বছর বয়সী শিশু হিন্দ রাজাবের মৃত্যুর ঘটনা নিয়ে ছবিটি নির্মিত হয়।
এবার ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য হিসেবে রয়েছেন কাউছার বেন হানিয়া। শনিবার আনুষ্ঠানিকভাবে উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
মতামত দিন