গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১১
ফিলিস্তিনের গাজায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) এই হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, স্কুলটিতে একদল পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে বাস্তচ্যুত ফিলিস্তিনিরাও আশ্রয় নিয়েছিলেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, গাজা শহরের সাফাদ স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি বিমান হামলায় একজন নারী ও মেয়ে শিশুসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্কুলটিতে হামাসের পুলিশ ফাঁড়ি ছিল।
ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে বলা হয়, সাফাদ স্কুলে হামাস কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৮ হাজারের বেশি মানুষ।
জাতিসংঘ বলছে, গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে