গাজার ধ্বংসস্তূপ সরাতে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড। সেখানকার ধ্বংসস্তূপ সরাতে ১৪ বছর লেগে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (২৭ এপ্রিল) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের (ইউএনএমএএস) সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার বলেন, যুদ্ধের কারণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে পড়ে আছে। গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। তারপরও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষসহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৪ বছরের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছয় মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।
মতামত দিন