শীতলক্ষ্যা তীরের ২০ শিল্পকারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই পরিচালিত ২০টি শিল্পকারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চে বিআইডব্লিউটিএ এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত শীতলক্ষ্যা নদী দূষণের ফলে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে দায়ের করা রিটে অভিযোগ করা হয়, এসব শিল্পকারখানা দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদীর পানি দূষণ করছে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ ২০২৬ হাইকোর্ট সংশ্লিষ্ট ২০ প্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ও ইটিপি ছাড়া শিল্পকারখানা পরিচালনা পরিবেশ আইনে দণ্ডনীয় অপরাধ। কিন্তু দীর্ঘদিন প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠান নির্বিঘ্নে নদী দূষণ করে এসেছে। তিনি দূষণের জন্য দায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়েরও দাবি জানান।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে