Views Bangladesh Logo

কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির জন্য সরকারের গৃহীত উদ্যোগ ও ব্যবস্থাপনার ফলে আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) 'এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ: ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু রেজিলিয়েন্ট এনার্জি ট্রানজিশন' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি বলে প্রধানমন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন। তিনি বলেন, 'জনগণের দুর্ভোগের বিষয়ে আমরা অবগত। আমরা এমন সরকার নই, যারা সবকিছু আড়াল করে একটি কাল্পনিক বয়ান তৈরি করব, যার পরিণতিতে বেলুন ফেটে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।'

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সরকার বাংলাদেশের জনগণ ও উদ্যোক্তাদের প্রতি সহানুভূতিশীল। তিনি স্বীকার করে বলেন, 'এটি একটি ব্যর্থতা।'

রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ এমএমসিএফডি, আর সরবরাহ রয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ এমএমসিএফডি। এর মধ্যে ১ হাজার ৬০০ এমএমসিএফডি আসে দেশীয় উৎস থেকে এবং ১ হাজার এমএমসিএফডি আসে এলএনজি থেকে।

তিনি বলেন, অপেক্ষমাণ আবেদনসহ মোট চাহিদা ৫ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। এই চাহিদা মেটাতে সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, সিঙ্গেল পয়েন্ট মুরিং ব্যবস্থার জন্য অপারেটর নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাঁচপুর থেকে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যন্ত জেট ফুয়েল পাইপলাইন নভেম্বরের মধ্যে চালু হবে, যা জ্বালানি খালাসের জটিলতা ও লজিস্টিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ