Views Bangladesh Logo

দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, কমতে পারে সংকট

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা তীব্র গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে নতুন কার্গো আসতে শুরু করায় এলএনজি সরবরাহ দৈনিক ৯৮ কোটি ঘনফুটে উন্নীত করা হয়েছে।

পেট্রোবাংলা জানিয়েছে, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদনের সঙ্গে আমদানিকৃত এলএনজি যোগ হয়ে বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক মোট গ্যাস সরবরাহ দাঁড়িয়েছে প্রায় ২৬০ কোটি ঘনফুটে। এতে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সার্বিকভাবে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে প্রতিদিন গ্যাসের প্রকৃত চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। তবে স্বাভাবিক সময়ে ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট সরবরাহের মাধ্যমে চাহিদা ব্যবস্থাপনা করা হয়। কার্গো সংকটের কারণে গতকাল সরবরাহ কমে ২৩৭ কোটি ঘনফুটে নেমে যায়। এর মধ্যে এলএনজি থেকে পাওয়া যায় মাত্র ৭৫ কোটি ঘনফুট।

বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় ১৬২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। এর সঙ্গে এলএনজি সরবরাহ বাড়ানোয় মোট সরবরাহ ২৬০ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে। ফলে সাম্প্রতিক সংকটের তুলনায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে ১০টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা থাকলেও বৈশ্বিক বাজারে দাম বৃদ্ধি ও দরপত্রসংক্রান্ত জটিলতায় ৯টি কার্গো নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভর থেকে দুটি, স্বল্পমেয়াদি চুক্তিতে আরামকো থেকে দুটি এবং স্পট মার্কেট থেকে পাঁচটি কার্গো সংগ্রহ করা হয়েছে।

ইতোমধ্যে আরামকো ও ব্রিটিশ পেট্রোলিয়ামের পর দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পস্কোর একটি কার্গো থেকেও এলএনজি খালাস করা হয়েছে। বাকি কার্গোগুলো গানভর, আরামকো ও টোটাল এনার্জির কাছ থেকে আগামী ১৬ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে অক্টোবরের সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ছয়টি এলএনজি কার্গো চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কার্গো কেনার জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব কার্গো সময়মতো দেশে এলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ