গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে আগামী দুই সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে চলমান গ্যাস সংকটের পরিস্থিতি আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে এক্সিলারেট এনার্জি তাদের প্রত্যাশা অনুযায়ী ৫০ শতাংশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করতে পারলে, তার পরের সপ্তাহে শতভাগ সরবরাহ চালু করা সম্ভব হতে পারে।
তবে নির্দিষ্ট দিন-তারিখ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, এর আগে কয়েকবার সময়সীমা দেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই এক্সিলারেট এনার্জির দেওয়া তথ্যের ভিত্তিতেই বর্তমান পরিকল্পনার কথা জানানো হচ্ছে।
গ্যাস সংকট মোকাবিলার জটিলতা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কোনো যন্ত্র মেরামতের সময় প্রাথমিকভাবে যতটুকু সমস্যা ধারণা করা হয়, কাজ শুরু করার পর অনেক সময় আরও বড় সমস্যা সামনে আসে। এলএনজি টার্মিনালের এ ধরনের দুর্ঘটনা মোকাবিলার অভিজ্ঞতা এক্সিলারেট, সামিট বা সরকারের কারওই আগে ছিল না। তাই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হচ্ছে।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি, মানুষের কষ্ট হচ্ছে। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের কোনো দ্বিধা নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান বলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জনগণের প্রত্যাশার জায়গায় থাকা সরকার হিসেবে সংকট সমাধানে দায়িত্ব নিয়েই কাজ করা হচ্ছে।
মতামত দিন