সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে ৩ দিন
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সারা দেশে তিনদিন গ্যাসের চাপ কম থাকবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউ থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। তবে এ সময় অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় আগামী ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে