Views Bangladesh Logo

গ্যাস সংকটে ক্ষুব্ধ এলাকাবাসীর অবরোধে অচল ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক

টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর রায়েরবাগ–শনিরআখড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১টার দিকে মহাসড়কের ওই অংশে অবস্থান নেন তারা। এতে দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

বিক্ষোভকারীরা জানান, গত এক সপ্তাহ ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ। বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের ভাষ্য, অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষ, পণ্যবাহী যান এবং দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ডেমরা জোনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সাজেদুর রহমান জানান, রায়েরবাগ ও শনিআখড়া এলাকায় সাত দিন ধরে গ্যাস না থাকায় স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলে না নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন আন্দোলনকারীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ