Views Bangladesh Logo

সেহরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, শরীরে আগুন নিয়ে বেরিয়ে আসেন সবাই

চট্টগ্রাম নগরীর হালিশহরে ছয়তলা একটি ভবনের ফ্ল্যাটে সেহরির সময় বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের সদস্যরা শরীরে আগুন নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন—এমন বর্ণনা দিয়েছেন প্রতিবেশীরা।

সোমবার ভোর ৪টা ৩১ মিনিটে নগরীর হালিশহর এইচ ব্লকের ‘হালিম মঞ্জিল’ নামের ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হন। তারা তখন সেহরি খাচ্ছিলেন বলে জানা গেছে।

দগ্ধরা হলেন—আয়েশা (৪), আনাছ (৭), আইমান (১০), শাওন (১৭), সাখাওয়াত (৪৬), শিপন (৩২), সুমন (৪০), রানী (৪০) ও পাখি (৩৫)।

গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন দেড় বছর আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। সেখানে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচজন থাকতেন। কয়েকদিন আগে ছোট ভাই পরিবার নিয়ে ডাক্তার দেখাতে এসে তার বাসায় উঠেছিলেন।

দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার আশফাকুল আতিক জানান, উন্নত চিকিৎসার জন্য দুপুরে ৯ জনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রানী, পাখি ও সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। শিপনের ৮০ শতাংশ, সুমন ও শাওনের ৪৫ শতাংশ, আইমান ও আনাছের ২৫ শতাংশ এবং আয়েশার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস (জোন-১)-এর উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলায় আগুন ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ