গাজীপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা নিহত
গাজীপুর মহানগর এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে সোহাগ মিয়া রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোহাগ মিয়া মোটরসাইকেলে চন্দ্রা এলাকা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ মিয়ার বাড়ি নেত্রকোণার দুর্গাপুর থানার রামপুর গ্রামে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে