Views Bangladesh Logo

সাভার-আশুলিয়ায় কর্মচাঞ্চল্য, কারখানায় ফিরেছেন পোশাক শ্রমিকরা

বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিনের অস্থিরতার পর সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

শিল্প পুলিশের বরাতে জানা গেছে, সকাল থেকে সাভার, ধামরাই ও আশুলিয়ার সব এলাকায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের কারখানাগুলোয় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই কারখানার পরিবহনে চড়ে কিংবা হেঁটে কর্মস্থলে আসছেন শ্রমিকেরা। কারখানার ফটকে তাঁদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন আছে। বিজিবির বিশেষ দল নিয়মিত টহল দিচ্ছে এবং পরিস্থিতি নজরে রাখছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলছে।

গত কয়েক দিন ধরে মাসিক মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। গাজীপুর, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ শিল্পপ্রধান এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এই অসন্তোষের মধ্যেই গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিক ও মালিক উভয় পক্ষ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে একমত হয়েছেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী জানুয়ারিতেই বাড়তি বেতন পাবেন তৈরি পোশাক খাতের শ্রমিকেরা।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে এই খাতে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ