Views Bangladesh Logo

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। রোববার সকাল ১০টা থেকে বুড়িবাজার এলাকায় ‘ক্লথিং কার্নিভালস লিমিটেড’ কারখানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানাটির দুই শতাধিক শ্রমিক-কর্মচারীর প্রায় তিন মাসের বেতন ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। পাওনা পরিশোধের জন্য মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। দীর্ঘদিন বেতন না পাওয়ায় পরিবার নিয়ে তারা আর্থিক সংকটে পড়েছেন বলে জানান শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে তারা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, শিল্প পুলিশ ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। এরপরও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় কারখানায় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

রোববার সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক-কর্মচারী কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রাত ৮টা পর্যন্তও কর্মসূচি চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রাখা অন্যায়। দ্রুত পাওনা পরিশোধ করে সংকটের সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। আশুলিয়া শিল্প-১ পুলিশের সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানাটি মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজ পরিচালনা করত। শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া থাকায় তারা সকাল থেকে অবস্থান করছেন। সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ