Views Bangladesh Logo

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনের চতুর্থ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়। শ্রমিকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

বিক্ষোভ ও ভাঙচুরের আশঙ্কায় মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে আশপাশের শিল্পপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাতেও। পরিস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন এবং আশপাশের দোকানপাটে হামলা চালান। এতে অর্ধশতাধিক যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

আশুলিয়া শিল্প পুলিশের এএসপি মমিনুল ইসলাম ভূইয়া বলেন, শিল্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে এসেছেন। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি। তিনি বলেন, আশুলিয়া এলাকার আটিস্টিক ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে শ্রমিকরা হামলা চালায়। প্রতিষ্ঠানটিতে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করছে।

মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের কারণে শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ