পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড ও শ্রম মন্ত্রণালয় আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। তবে সভা কেন স্থগিত করা হলো, তার ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে নেই। মন্ত্রণালয় জানিয়েছে, সভার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
সভাটি আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে মালিকপক্ষের মজুরির প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল। ফলে সভা স্থগিত হওয়ায় নতুন মজুরি নিয়ে আলোচনার পরবর্তী ধাপ আপাতত অনিশ্চিত হয়ে পড়ল।
গত সোমবারের দ্বিতীয় সভায় মালিক ও শ্রমিক দুই পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। সেদিন মালিকপক্ষ প্রস্তাব না দিয়ে সাত কর্মদিবস সময় চায়। বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলে। ওই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।
মজুরি বৃদ্ধির দাবিতে গত দুই সপ্তাহ ধরে পোশাক খাতে অসন্তোষ চলছে। শ্রমিকদের অনেকে কারখানায় হাজিরা দিয়ে বেরিয়ে আসছেন, সড়কে বিক্ষোভ করছেন। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে।
পরিস্থিতির মধ্যে গত ১ নভেম্বর সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বরের প্রথম সভায় শ্রমিকপক্ষের দাবি মেনে আগামী মাস থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকরে একমত হয় বোর্ড। তবু শ্রমিক অসন্তোষ থামেনি।
এতে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হচ্ছে। অনেক মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। গতকাল রোববার এ ধারায় ৬২টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে ওই দিন বন্ধ ছিল ১১৮টি কারখানা।
মতামত দিন