মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন
ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
বুধবার (১৮ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়েছে। গাজীপুরে মহাসড়ক অবরোধের সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর-১২ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের নতুন করে সংঘর্ষ বাধে। মিরপুর-১২, পল্লবীসহ আশপাশের এলাকার শ্রমিকরা কাছের গলিগুলোতে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এর আগে সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দেগেরচালা সড়ক এলাকায় এক পুলিশ কর্মকর্তার গাড়িতেও আগুন দেওয়া হয়। শ্রমিকদের সরাতে সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মালেকের বাড়ি, ছয়দানা ও হাড়িকেন এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং হাজার হাজার যাত্রী আটকা পড়েন। কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন। ভোগড়া বাইপাস, বাসন সড়ক ও কলম্বিয়া এলাকায়ও শ্রমিকরা জড়ো হন। কোনাবাড়ীর দুটি কারখানার শ্রমিকরাও কর্মবিরতি করে বিক্ষোভ করেন, তবে তাঁরা মহাসড়কে যান চলাচলে বাধা দেননি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলেও তাঁরা পাশের গলিতে অবস্থান নিয়ে বারবার সড়কে ফেরার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে তিনি জানান।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে অসন্তোষের কারণে ১০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। বাকি ৩৯টি কারখানা মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পরিস্থিতি সামাল দিতে শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ ও বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছেন।
মতামত দিন