Views Bangladesh Logo

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের আতুড়ার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ইটিসি জিন্স’ নামের ওই কারখানার শ্রমিকরা একজোট হয়ে আতুড়ার ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নেন। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের দীর্ঘদিনের বেতন ও অন্যান্য ভাতাদি বকেয়া পড়ে থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধের কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। বারবার আশ্বাস সত্ত্বেও অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কর্তৃপক্ষ। তাই তারা বাধ্য হয়েই বকেয়া আদায় ও অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন।

দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধসহ দাবি-দাওয়াসমূহ পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

সড়ক অবরোধের খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশকে কাজ করতে দেখা যায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ