Views Bangladesh Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাওজোড় এলাকায় উড়ালসড়কের নিচে এ কর্মসূচি পালন করেন তারা। পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নাওজোড় এলাকার মাস্টার চ্যাম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে প্রত্যাশিত বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) করা হয়নি। এর প্রতিবাদে শ্রমিকেরা প্রথমে কারখানার কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় উড়ালসড়কের নিচে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে তাদের বুঝিয়ে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

আন্দোলনকারী শ্রমিকেরা জানান, তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত বকেয়া বেতন তিন মাসের মধ্যে পরিশোধ, বিকেল পাঁচটার পর কাজ করলে ওভারটাইম প্রদান, বার্ষিক বোনাস বেসিক বেতনের অর্ধেক দেওয়া, কাজের রেট বৃদ্ধি, সাত কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ, শ্রমিকদের সঙ্গে মানবিক আচরণ এবং চাকরি থেকে বরখাস্ত করলে তিন মাসের বেতন প্রদানসহ বিভিন্ন দাবি।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ