শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার ভবানীপুর ও নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে মেম্বারবাড়ি-ভবানীপুর এলাকায় প্রথমে মহাসড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কর্মস্থল ও গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ। পাশাপাশি বিজিবি, এসআরবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বাহিনীগুলো কাজ করছে।
মতামত দিন