শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন অব্যাহত রয়েছে। নতুন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ছয়দানা ও হাড়িকেন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। কয়েকটি কারখানার শ্রমিকেরা প্রথমে কর্মস্থলে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁদের একটি অংশ সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।
শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে কারখানার উৎপাদনেও। আন্দোলনের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগের দিনের হিসাব অনুযায়ী, জেলার ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান করছেন। তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে। এ ছাড়া কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। তবে তাঁরা মহাসড়কে যান চলাচলে বাধা দেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগের দিনের হিসাব অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
শ্রমিকদের এই আন্দোলনের সূত্রপাত ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে। কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে এ দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। মঙ্গলবার কোনাবাড়ী, কাশিমপুর, চান্দনা চৌরাস্তা, জরুন, নাওজোড়, ছয়দানা ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি ও আপাডা এলাকাতেও আন্দোলন ছড়িয়ে পড়ে।
মঙ্গলবারের কর্মসূচি চলাকালে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ সদস্য, শ্রমিক ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জেলার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ইতিমধ্যে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। মজুরি বোর্ডের তৃতীয় সভা পিছিয়ে যাওয়ার পর নতুন করে অসন্তোষ দেখা দেয়। আগামী ২৩ নভেম্বর মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন