Views Bangladesh Logo

আজও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, দোকানপাট-গাড়ি ভাঙচুর

 VB  Desk

ভিবি ডেস্ক

বেতন বাড়ানোর দাবিতে আজ বুধবারও রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ করেছেন  গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা কয়েকটি পোশাক কারখানা, দোকানপাট ‍ও সড়কে এক চিকিৎসকের গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুরো মিরপুরে ২৩৫টি গার্মেন্টস আছে। সরেজমিনে দেখা গেছে, গত কয়েকদিনের ন্যায় আজও সকাল ৯টায় মিরপুর ১২ ও ১১ নম্বর থেকে আসা গার্মেন্টস শ্রমিকরা ১০ নম্বর গোল চত্বরে এসে অবস্থান নেয়। এ ছাড়াও কয়েকভাবে বিভক্ত হয়ে মিরপুর ১, ২, ১০ নম্বর ও কচুক্ষেত এলাকায় অবস্থান নেন তাঁরা। তা ছাড়াও সকাল থেকেই মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকায় জড়ো হতে থাকেন পোশাকশ্রমিকরা । পরে তারা ১০ নম্বর গোলচত্বরে এসে অবস্থান নেয়।

আন্দোলনরত আক্তার হোসাইন নামে এক শ্রমিক গণমাধ্যমকে বলেন, ‘একজন শ্রমিক যদি ৮ হাজার টাকা বেতন পান, তাঁর পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে, বাসা ভাড়াতেই তো চলে যায় ৫ হাজার টাকা। বাকি টাকায় কীভাবে সংসার চলবে। বাজারদরের যে অবস্থা, তাতে তো দুই বেলা ভাত খাওয়ার অবস্থা নেই। আমরা কীভাবে বাঁচবো। কয়েক টাকা বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছি। কিন্তু এখন জীবন নিয়ে টানাটানি।’

তবে সড়কে শ্রমিকদের অবস্থান নেওয়ার ব্যাপারে নমনীয় ভূমিকায় থাকতে দেখা গেছে পুলিশকে। এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি নিয়ে আন্দোলন করছেন। এটা তাঁদের ন্যায্য দাবি। এই দাবি পূরণে সংশ্লিষ্টরা কথাও বলছেন। তাঁদের দাবি পূরণ হলেই রাস্তা ছেড়ে চলে যাবেন।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ