Views Bangladesh Logo

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যা করে আগুন, স্বামী পলাতক

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী শাহিন খন্দকার পলাতক রয়েছেন।

রোববার (২০ এপ্রিল) সকালে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, স্বামী রোকসানাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে, এরপর আলামত নষ্ট করতে ঘরে আগুন ধরিয়ে দেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাদবরের বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন রোকসানা ও শাহিন খন্দকার। দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে প্রতিবেশীরা কক্ষ থেকে ধোঁয়া ও আগুন দেখে এগিয়ে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তারা রোকসানার মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। নিহত রোকসানা আক্তার ওরফে নুরানী বগুড়া জেলার শিবগঞ্জ থানার জীবনপুর বড়িয়াহাট নজরুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে এবং ঘটনাটি ধামাচাপা দিতে ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল। ঘটনার পর থেকে শাহিন আত্মগোপনে রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ