Views Bangladesh Logo

নতুন অর্থবছরের শুরুতে পোশাক রপ্তানি কমেছে ১.৯২ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাইয়ে পোশাক রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ডলার, যা ২০২৫ সালের জুলাইয়ে ছিল ৩৯৬ কোটি ডলার।

তবে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ সামান্য পতনকে স্বাভাবিক বলে মনে করছে। সংগঠনটির মতে, গত বছরের জুলাই ছিল দেশের রপ্তানি ইতিহাসের অন্যতম শক্তিশালী মাস। সে সময় ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে ৩৯৬ কোটি ডলারের রপ্তানি হয়েছিল। সেই উচ্চ ভিত্তির কারণেই এবার সামান্য নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

শিল্পমালিকদের মতে, বর্তমানে পোশাক খাতের সবচেয়ে বড় সংকট গ্যাসের তীব্র ঘাটতি। দীর্ঘ সময় গ্যাসের নিম্নচাপ থাকায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে শিফট কমানো, উৎপাদন স্থগিত রাখা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহে সমস্যা তৈরি হচ্ছে। এতে উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারে চাহিদার ওঠানামাও রপ্তানিতে চাপ সৃষ্টি করছে।

ইপিবির তথ্য অনুযায়ী, জুলাইয়ে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমেছে। অন্যদিকে নিটওয়্যার রপ্তানি কমেছে মাত্র শূন্য দশমিক ৯০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে টি-শার্ট, সোয়েটারসহ নিট পোশাকের চাহিদা স্থিতিশীল থাকায় এ খাত তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।

বিজিএমইএর ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) তথ্যেও দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে রপ্তানি কার্যক্রমে প্রায় ২ দশমিক ৮ শতাংশ স্থবিরতা এসেছে।

বিজিএমইএ বলছে, দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সময়োপযোগী নীতিগত সহায়তা প্রয়োজন। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে আগামী মাসগুলোতে রপ্তানি আবারও ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করছে সংগঠনটি।

এদিকে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলো উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। বিজিএমইএর মতে, তাই বাংলাদেশের জন্য দ্রুত জ্বালানি সংকট সমাধান করা এখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম পূর্বশর্ত।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ