ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল চত্বরে গাছ থেকে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল ওরফে উজ্জ্বল (৩৮) নামের এক মালির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছিয়াকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া তার সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজনই রোকেয়া হলে মালি হিসেবে কাজ করেন। সকালে তারা হলের বাগানের একটি গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় ছিয়াকুল টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশের সাহায্যে একটি কাঁঠাল পাড়ার চেষ্টা করেন। ওই কাঁঠাল পাশের আরেকটি গাছের কাঁঠালে আঘাত করলে সেটি ছিটকে তার মাথার ওপর পড়ে।
সুনীল চৌহান বলেন, কাঁঠালের আঘাতে ছিয়াকুল পাকা মেঝেতে মুখ থুবড়ে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছিয়াকুল নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলসংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।
মতামত দিন