‘গতি জড়তা’ নিয়ে অ্যালবামের পথে গানপোকা
ব্যান্ড ‘গানপোকা’র প্রথম আনুষ্ঠানিক অ্যালবামের যাত্রা শুরু হয়েছে। অ্যালবামের প্রথম গান ‘গতি জড়তা’ প্রকাশিত হয়েছে। গানটি ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে শোনা যাচ্ছে।
গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। সংগীত ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন মুস্তাকিম আলভী।
ব্যান্ডটি জানিয়েছে, পুরো অ্যালবাম একসঙ্গে প্রকাশ না করে প্রতিটি গান আলাদাভাবে সংগীত ভিডিওসহ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই ধারাবাহিকতায় মে দিবসে মুক্তি দেওয়া হয়েছে ‘গতি জড়তা’।
ব্যান্ডের কণ্ঠশিল্পী রাশিদুজ্জামান রাশিদ বলেন, ‘দীর্ঘদিনের প্রতীক্ষার পর এটি আমাদের প্রথম আনুষ্ঠানিক প্রকাশনা। এটি শুধু একটি গান নয়, আমাদের জন্য একটি নতুন যাত্রার সূচনা।’
প্রথম গান প্রকাশের জন্য মে দিবস বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে রাশিদ জানান, তারা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শ্রমজীবী মানুষের মেধা ও পরিশ্রমের প্রতি সম্মান জানানো এবং বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশই ছিল এই দিন বেছে নেওয়ার উদ্দেশ্য।
দলটি তাদের প্রথম অ্যালবাম উৎসর্গ করেছে প্রয়াত দুই সদস্যকে— ‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক এবং গীতিকার হাসনাত প্রধানকে। প্রধানের লেখা ‘নদী’ গানটি শ্রোতাদের বিশেষ প্রশংসা পেয়েছিল।
‘গতি জড়তা’ প্রথম অ্যালবামের গান হলেও এর আগে ‘ও নদী, বন্ধুয়ার খবর এনে দে’, ‘পিরিতি নয় আমার কাজ’ এবং ‘হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি’ গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছে গানপোকা।
বর্তমানে ব্যান্ডের সদস্যরা হলেন রাশিদুজ্জামান রাশিদ (কণ্ঠ ও দোতারা), মিথুন হাসান (খমক ও কণ্ঠ), রওশন কবির বিপুল (দোতারা), নাজমুল নিশান (তালবাদ্য), আবদুল্লাহ আল নোমান (বেজ গিটার), বেনামচন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু (ড্রামস) এবং অনিন্দ্য বিশ্বাস (গিটার)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে