Views Bangladesh Logo

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকবর শেখ (৩৫) ও সোহাগ গাজী (৩৬) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় তাদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর স্বামী কৃষিশ্রমিকের কাজ করতে অন্য জেলায় থাকায় তিনি তিন সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। রাত ২টার দিকে চার ব্যক্তি সিঁধ কেটে ঘরে ঢুকে তার ওপর নির্যাতন চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় সন্তানদের মুখ চেপে ধরা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি আত্মরক্ষার চেষ্টা করে আকবরের হাতের আঙুলে কামড় দিলে ক্ষিপ্ত হয়ে তিনি তার মুখে ঘুষি মারেন। এতে তার তিনটি দাঁত ভেঙে যায়। পরে সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। পরে ওই রাতেই পাটগাতী মধ্যপাড়া গ্রাম থেকে আকবর ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার সোহাগকে পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। তবে ইউনিয়ন যুবদলের সভাপতি মুরাদ হোসেন এ দাবি অস্বীকার করে বলেছেন, ওই ওয়ার্ডে যুবদলের কোনো কমিটি নেই এবং সোহাগ দলে যোগ দেওয়ার চেষ্টা করলেও তাঁকে নেওয়া হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ