Views Bangladesh Logo

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক আজ বৃহস্পতিবার (২১ মে) শুরু হচ্ছে। আজ থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হওয়া তিন দিনব্যাপী এই বৈঠক চলবে আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নই এবারের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়, যার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। মেয়াদ ফুরনোর আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের সর্বশেষ বৈঠক।

বৈঠকে অংশ নিতে মোহাম্মদ আনোয়ার কাদীরের (সদস্য, বাংলাদেশ যৌথ নদী কমিশন) নেতৃত্বে বাংলাদেশের ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবারই কলকাতায় পৌঁছেছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, জেআরসি পরিচালক মো. আবু সৈয়দ, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রুমানুজ্জামান। এ ছাড়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় নিযুক্ত উপদূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব ও পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এক প্রধান প্রকৌশলী।

বৈঠকের প্রথম দিনে বাংলাদেশের প্রতিনিধিদল মুর্শিদাবাদে যাবে। সেখানে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিমাপ শেষে তারা কলকাতায় ফিরে একটি অভিজাত হোটেলে মূল বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে দুই দেশের মধ্যে নির্দিষ্ট হারে পানি বণ্টনের বিধান রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, গঙ্গায় পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ ৪০ হাজার কিউসেক এবং বাকিটা পাবে ভারত। আর প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে উভয় দেশ সমানভাবে পানি ভাগ করে নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ