এমসি কলেজে গণধর্ষণ মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: হাইকোর্ট
সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের শিকার তরুণীর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের আবেদন প্রত্যাহার করে নেয়ায় সোমবার (১৭ মার্চ) এই আদেশ দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বেঞ্চ।
আইনজীবীরা পরে জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচারে আর কোনো বাধা নেই।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম, ওমর ফারুক ও কামরুন মাহমুদ দীপা।
২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে গণধর্ষণ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে শাহ পরাণ থানায় মামলাটি করেন ভুক্তভোগীর স্বামী।
২০২০ সালের ৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটজনের বিরুদ্ধে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২০২২ সালের ১ আগস্ট দুটি অভিযোগের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের অনুরোধ জানিয়ে রিট আবেদন করা হয়। এর শুনানি নিয়ে ১৬ আগস্ট হাইকোর্ট রুল জারি করে জানতে চান, ধর্ষণ মামলার বিচার কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে না।
২০২২ সালের ১৫ ডিসেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ।
পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে