Views Bangladesh Logo

এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হবে: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালু হবে। প্রকল্পটি চালু হলে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার এবং পরবর্তীতে ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)’ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার পানির চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা তৈরি হয়েছে। ফলে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,গন্ধর্বপুর প্রকল্প চালু হলে প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। একই ধরনের আরেকটি প্রকল্প বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হবে, যা রাজধানীর দীর্ঘমেয়াদি পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গন্ধর্বপুর পানি শোধনাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন মির্জা ফখরুল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ