'খেলা শেষ, খোদা হাফেজ': ফেসবুক পোস্টে মাহফুজ আলম
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উগ্র ডানপন্থী (ফার-রাইট) গোষ্ঠীর তৎপরতা এবং মব সহিংসতা নিয়ে মন্তব্য করেছেন।
সোমবার (৬ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি রাজনৈতিক স্বার্থে চরমপন্থী গোষ্ঠীকে ব্যবহারের অভিযোগ তুলে নানা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন।
‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামের পোস্টে মাহফুজ আলম দাবি করেন, একটি ডানপন্থী রাজনৈতিক বলয় নির্বাচনী স্বার্থে ফার-রাইট গোষ্ঠীগুলোকে ব্যবহার করেছে। তার ভাষায়, মব সহিংসতা, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাগুলোতে এসব গোষ্ঠীকে ‘মার্সেনারি’ বা ভাড়াটে শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হওয়ার পর এখন তাদের থেকে দূরত্ব তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, গত দুই বছরে কিছু ফার-রাইট গোষ্ঠীকে পরিকল্পিতভাবে শক্তিশালী করা হয়েছে। তাদের মাধ্যমে ‘জুলাই আন্দোলন’কে একটি সর্বজনীন গণ-আন্দোলনের পরিবর্তে ‘ইসলামি’, ‘ঐতিহ্যবাদী’ বা ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়েছে। এর ফলে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মধ্যবিত্তের একাংশের মধ্যে ওই আন্দোলন সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, তিনি গত বছরের শুরু থেকেই ফার-রাইট রাজনীতি ও ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন। এ কারণে তাকে নানা ধরনের ষড়যন্ত্র, সমালোচনা ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, সামনের দিনগুলি সবার জন্য রেকনিংয়ের (হিসাব-নিকাশের) দিন।
উল্লেখ্য, মাহফুজ আলমের এসব মন্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন