বিপিএলে দল নিতে আগ্রহী এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে গল গ্যালান্টস। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির মালিকপক্ষের এক প্রতিনিধি।
দুই দিন আগে অনুষ্ঠিত এলপিএলের ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে শিরোপা জেতে গল গ্যালান্টস। শিরোপা জয়ের পর দলের মালিকপক্ষের ওই সদস্য জানান, বাংলাদেশেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হওয়ার বিষয়ে তারা আগ্রহী। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও দর্শকসংখ্যার বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, এলপিএল শেষ হওয়ার পর এখন বাংলাদেশ নিয়ে আলোচনা করা হবে। বিপিএলে দল নেওয়ার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে ভাবছেন। এ বিষয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
গল গ্যালান্টসের ওই প্রতিনিধি বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা সম্পর্কে তিনি অবগত। বিশেষ করে বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ। তাই সুযোগ পেলে বাংলাদেশেও দল নিয়ে অংশ নিতে চান তারা।
এলপিএলে নিজেদের সাফল্যের বিষয়ে তিনি বলেন, এপ্রিলে যাত্রা শুরুর পর প্রায় চার মাস দলকে নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। উত্থান-পতনের মধ্যেও সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়নের মাধ্যমে শেষ পর্যন্ত শিরোপা জয় সম্ভব হয়েছে। এ সাফল্যের কৃতিত্ব খেলোয়াড় ও কোচিং স্টাফদের দিয়েছেন তিনি।
এদিকে এলপিএলে গল গ্যালান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের। তবে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। লিটনকে দলে না পাওয়ার আক্ষেপের কথাও জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রতিনিধি। তাঁর মতে, নুরুল হাসান সোহান দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভালো পারফর্ম করেছেন। তবে লিটন দাসকে তারা পুরো আসরেই মিস করেছেন।
মতামত দিন