Views Bangladesh Logo

এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জেলার গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, পরীমনি দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাঁকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ করবেন না তাঁরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের জেলা পুলিশ লাইনস রোডে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমনি। এ সময় ওই সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার পাশাপাশি তাঁকে গালিগালাজ ও অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে। সাংবাদিক নেতাদের দাবি, রবিউল ইসলাম শারীরিক প্রতিবন্ধকতার শিকার এবং তাঁর একটি হাত অকেজো।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, সংশ্লিষ্ট ঘটনার জন্য পরীমনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তাঁকে নিয়ে কোনো সংবাদ প্রকাশ করবেন না গাইবান্ধার সাংবাদিকরা। একই সঙ্গে তাঁকে বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সামনে জড়ো হন সাংবাদিকরা। সেখানে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ হাবিবুর রহমান, সিদ্দিক আলম দয়াল ও ফারুক হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এদিকে সাংবাদিকদের প্রতিবাদের প্রভাব পড়েছে পরীমনির বিনোদন অঙ্গনের কর্মসূচিতেও। চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকে তাঁকে বাদ দিয়েছেন আয়োজকরা। নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে পরীমনিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিতর্কের আগেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল। সিদ্ধান্ত পরিবর্তনের পর নতুন অতিথি তালিকা ও পোস্টার প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায়ও আইনি জটিলতার মুখে রয়েছেন পরীমনি। গত বুধবার আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করতে যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ