সংগীতপ্রেমীদের নতুন সংগঠন ‘গানের মেলা’
সংগীতপ্রেমী ও শিল্পীদের নিয়ে গড়ে উঠেছে সম্ভাবনাময় নতুন সংগঠন ‘গানের মেলা’।
‘গানের মেলা’ পরিচালনায় রয়েছেন সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে অন্যতম কাজী ইতি ইকবাল।
সংগঠনটির ব্যাপারে কাজী ইতি ইকবাল ভিউজ বাংলাদেশকে বলেন, 'গানের মেলা শুধু একটি গানের সংগঠন নয়, এটি সংগীতপ্রেমী, শিল্পী ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হলো সংগীতচর্চাকে উৎসাহিত করা। নতুন ও প্রতিভাবান শিল্পীদের সামনে তুলে ধরা এবং সংগীতকে ঘিরে একটি ইতিবাচক ও প্রাণবন্ত কমিউনিটি তৈরি করা যার মাধ্যমে সংগীত চর্চাকে একটি প্রাতিষ্ঠানিক রুপ দেয়া যায়।'
তিনি আরও বলেন, 'আমরা চাই, এই প্ল্যাটফর্মে বিভিন্ন প্রজন্মের সংগীতশিল্পী ও সংগীতপ্রেমীরা নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন। ভবিষ্যতে ‘গানের মেলা’ অনলাইন কার্যক্রমের পাশাপাশি সংগীতবিষয়ক বিভিন্ন আয়োজন ও উদ্যোগের সঙ্গে যুক্ত হবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সংগীত বিদ্যালয় এবং চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে গুণী শিল্পী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।'
সদস্যদের ভালোবাসা, অংশগ্রহণ ও সহযোগিতাই ‘গানের মেলা’র মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, সংগীত মানুষকে কাছে আনে, আর সেই বন্ধনকে আরও শক্তিশালী করাই আমাদের প্রধান উদ্দেশ্য।'
সংগীতের নানা আয়োজন, মতবিনিময় ও শিল্পীদের সঙ্গে সংগীতপ্রেমীদের সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবে ‘গানের মেলা’ ইতোমধ্যে নিজস্ব একটি কমিউনিটি গড়ে তুলতে শুরু করেছে। অল্প সময়েই সংগীত অনুরাগীদের মধ্যে সাড়া ফেলা এই কমিউনিটি চলতি বছরের ১৬ মে ফেসবুকেও যাত্রা শুরু করে। তাদের ফেসবুক গ্রুপে এরই মধ্যে সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জনে। গত এক সপ্তাহেই নতুন করে যুক্ত হয়েছেন ৫৫ জন।
গ্রুপটির অ্যাডমিনদের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনই এখানে গান ও সুর নিয়ে সক্রিয়ভাবে পোস্ট ও আলোচনা হচ্ছে। গান, শিল্পী, সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে সদস্যদের অংশগ্রহণই এই সংগঠনের মূল লক্ষ্য।
মতামত দিন