গান বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ
বকেয়া পরিশোধ না করায় গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২টা থেকে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গান বাংলা টেলিভিশন)’- এর সম্প্রচার আজ বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে।
গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা পাবে বিএসসিএল।
এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গায়ক, সুরকার ও গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে গান বাংলা টেলিভিশন চ্যানেল দখলের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে