Views Bangladesh Logo

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমালো বিইআরসি

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেল বিক্রি হবে ১০৯ টাকা ১০ পয়সায়, যা এতদিন ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত আমদানি করা ফার্নেস তেলের গড় মূল্য এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ফার্নেস তেলের মূল্য কমায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকির চাপও কিছুটা হ্রাস পেতে পারে।

উল্লেখ্য, এর আগের মূল্য সমন্বয়ে গত মাসে ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছিল। সেই বৃদ্ধির পর এবার দাম কমানোর সিদ্ধান্ত এলো।

ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এ দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে হস্তান্তর করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে। সর্বশেষ এ সিদ্ধান্তের মাধ্যমে চতুর্থবারের মতো এ জ্বালানির মূল্য সমন্বয় করল সংস্থাটি।

নতুন দামে বিপিসির অধীন চারটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ফার্নেস তেল সরবরাহ করবে। এসব প্রতিষ্ঠানের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা দেশের বিভিন্ন তেলচালিত বিদ্যুৎকেন্দ্রে এ জ্বালানি সরবরাহ করে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। গত ২০ জানুয়ারি বিপিসি এবং পরে চারটি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব দেয়। এ প্রস্তাবের ওপর ২৯ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজার ও বিনিময় হার বিবেচনায় নিয়মিতভাবে ফার্নেস তেলের দাম সমন্বয় করে আসছে কমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ