Views Bangladesh Logo

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হবে বনানীতে, দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। পরে তাকে সমাহিত করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

শুক্রবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সকালে লন্ডন থেকে দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ। এরপর তার কফিন নেওয়া হবে বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাকে দেখার সুযোগ পাবেন।

শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার কফিন রাখা হবে। এ সময় বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় একই স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার সাবেক সহকর্মী এবং স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান।

সেই জানাজায় পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার ছেলে এবং বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। তিনি বলেন, পেশাগত জীবনে তার বাবার কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনো আপস করতে চাননি। তার বাবা বিশ্বাস করতেন, সাংবাদিকতা হওয়া উচিত সৎ, নির্ভীক ও স্বাধীন। সাংবাদিকতা তার কাছে কেবল পেশা ছিল না, বরং দায়িত্ব ও গভীর অনুরাগের জায়গা ছিল।

রাদ শারার খালিদী আরও বলেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার বাবাকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই অস্থির ও কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ