Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণায় শান্ত: এটাই বাংলাদেশের অর্জন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় স্বীকৃতি হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তই প্রমাণ করে তারা বাংলাদেশকে আর হালকাভাবে নিচ্ছে না।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ ফাইনাল শেষে সাংবাদিকদের শান্ত বলেন, বাংলাদেশের ক্রিকেটে আগে এমনটা দেখিনি। আমাদের বিপক্ষে খেলতে এলে অনেক দলই পরীক্ষা-নিরীক্ষা করত। কিন্তু এবার অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল ঘোষণা করেছে। এটাকে আমাদের দলের একটি অর্জন বলব।

তিনি আরও বলেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের এটি একটি দারুণ সুযোগ।

‘ওরা এমন দল নিয়ে খেলবে, যেটা আমাদের জন্যও বড় সুযোগ। তাদের বিপক্ষে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটি দেখাতে পারব। প্রতিপক্ষের স্কোয়াড দেখলেই বোঝা যায়, তারা এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছে না।’

অস্ট্রেলিয়ার ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। স্পিন বিভাগে থাকছেন নাথান লায়ন। ব্যাটিংয়ে আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। এছাড়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার দলে ভারসাম্য যোগ করেছেন।

এদিকে পারিবারিক কারণে পেসার এবাদত হোসেন অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে সময় দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে পেস আক্রমণে প্রয়োজন দেখা দিলে ছুটি সংক্ষিপ্ত করে দলে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৩-১৭ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট ২২-২৬ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ