Views Bangladesh Logo

সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনে সরকারের প্রধান অগ্রাধিকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে। এর অংশ হিসেবে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানের ৮ অনুচ্ছেদে যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি তাদের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।

গণভোটের বিষয়ে কমিটির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় ১৪২ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত হয়েছে। ফলে প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদসহ সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন আনা হলে রাষ্ট্রপতির অনুমোদনের আগে জনগণের গণভোট নেওয়ার প্রয়োজন হতে পারে। সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর এই গণভোট অনুষ্ঠিত হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষার বিষয়েও গণভোটের প্রস্তাব এসেছে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে—যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে, ভবিষ্যতে কোনো সংসদ যাতে সহজে তা বাতিল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সাংবিধানিক অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রেও গণভোট বাধ্যতামূলক করার বিধান যুক্ত করা যেতে পারে।

সংবিধান সংশোধনের সময়সীমা প্রসঙ্গে কমিটির আহ্বায়ক বলেন, ডিসেম্বরের মধ্যেই সংশোধন কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের জোর চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন মন্ত্রণালয় একটি সংশোধনী বিল প্রস্তুত করবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন হতে পারে।

তিনি জানান, সংসদে বিলটি উত্থাপনের পর এর ওপর আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। বিলটি পাস হলে যেসব বিষয়ে সাংবিধানিকভাবে গণভোটের প্রয়োজন হবে, সেসব বিষয়ে ভোটগ্রহণের পরই সংশোধন প্রক্রিয়া চূড়ান্ত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ