Views Bangladesh Logo

১৬ ঘণ্টা পর সিলেটে জ্বালানি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রায় ১৬ ঘণ্টা দুর্ভোগের পর সিলেট বিভাগজুড়ে জ্বালানি ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার পর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে জ্বালানি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরের একটি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা করার প্রতিবাদে গত বুধবার রাত ১০টার পর সিলেট বিভাগে হঠাৎ ধর্মঘটের ডাক দেয় অঞ্চলের জ্বালানি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দিবাগত মধ্যরাতের পর প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে সমঝোতার চেষ্টা চলে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পেট্রোল পাম্প মালিক সংগঠনের জেলা সভাপতি রিয়াসাদ আদনান প্রশাসনকে ধর্মঘট স্থগিতের কথা জানালেও জ্বালানি ব্যবসায়ীরা তা মানেননি।

ফলে বৃহস্পতিবার সকাল থেকে নগরসহ পুরো বিভাগজুড়ে গাড়িচালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ অবস্থায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেন এবং চলমান সংকট নিরসনে আলোচনা করেন। বৈঠকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে মালিক মো. কামরানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব-৯-এর সহযোগিতায় সিলেট জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

জ্বালানি ব্যবসায়ীরা জানান, পেট্রোল পাম্পে অভিযান ও জরিমানার পাশাপাশি জ্বালানি তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতায় পাম্প মালিকরা ক্ষুব্ধ। ট্যাগ অফিসার নিয়োগ ও ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারের এসব সিদ্ধান্ত জ্বালানি ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ