Views Bangladesh Logo

সিলেটে জ্বালানি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সিলেটে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জ্বালানি ব্যবসায়ীরা। তবে বিপণন নীতিতে পরিবর্তন না করলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে নগরীর চন্ডিপুলে নিজেদের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান।

কয়েকটি পেট্রোল পাম্পে জ্বালা‌নি সংকট নি‌য়ে গ্রাহক‌দের স‌ঙ্গে অপ্রীতিকর ঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে গতকাল সোমবার (৯ মার্চ) রাতে সিলেটে ধর্মঘটের ডাক দিয়েছিল জ্বালানি ব্যবসায়ীদের এই সংগঠনটি।

এ সময় তারা পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার, স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল ও সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।


আজ ধর্মঘটের জন্য সিলেটে পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রি বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ অবস্থায় হামলাকারীর দ্রুত বিচার ও পাম্পের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানান জ্বালানি ব্যবসায়ীরা। তবে তাদের দাবি পুরোপুরি না মানা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ