Views Bangladesh Logo

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরিবাগে একটি পেট্রোল পাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যে সংশয়টি জনগণের মধ্যে তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে।

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে।’

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরবরাহ ও মজুত নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। এই চাপ মোকাবিলায় বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। তবে সরকার যথাসম্ভব জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করবে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে জনমনে আতঙ্কের প্রেক্ষিতে আজ বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেন প্রতিমন্ত্রী । রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্পে পরিদর্শনের মাধ্যমে তিনি এ কার্যক্রম শুরু করেন এবং সেখানে উপস্থিত গ্রাহকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও মতামত শোনেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ