৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ
রংপুর বিভাগের অন্তত ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।
রোববার সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকদের এই আন্দোলনে পেট্রল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষও একাত্মতা প্রকাশ করেছে।
জানা গেছে, শনিবার রাতে পার্বতীপুর রেলহেড ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে রেলগেট এলাকায় গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়া গাড়িটি তল্লাশি করেন।
তল্লাশির সময় একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
এই ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতির ডাক দেন। তাদের অভিযোগ, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং দ্রুত শাস্তি প্রত্যাহার করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে