Views Bangladesh Logo

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে, শিডিউলও ঠিক হয়েছে: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি সরবরাহের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল। জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) আগুন লাগার ঘটনাও ঘটে। এসব কারণে সরবরাহে বিলম্ব হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে সংকট তৈরি হওয়ায় বিকল্প উৎস খুঁজে পেতেও কিছুটা সময় লেগেছে। তবে এসব দুর্যোগ ও জটিলতা কাটিয়ে বর্তমানে সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে। জ্বালানি সঠিকভাবে দেশে আসছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গাতেও এ ধরনের সাময়িক পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। কিন্তু জ্বালানি সরবরাহে ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।

মন্ত্রী জানান, জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে বেশি দাম দিয়েও গ্যাস আনা হয়েছে। সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে দাবি করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংশ্লিষ্ট সবাই দলগতভাবে কাজ করেছেন। সামনে আর কোনো সমস্যা না হলে আগামী দিনগুলো ভালোভাবে চালানো সম্ভব হবে।

জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান জ্বালানি মন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ