গুজবে তেলের পাম্পে উপচে পড়া ভিড়, আতঙ্কিত না হতে প্রশাসনের মাইকিং
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংকটের গুজবকে কেন্দ্র করে সাতক্ষীরার বিভিন্ন পেট্রোল পাম্পে শত শত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে তেল নিতে চালকদের উপচে পড়া ভিড়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। মেঘনা, পদ্মা ও যমুনা পেট্রোলিয়াম করপোরেশন এবং খুলনা প্রধান ডিপোর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, তেল নিতে চালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো পাম্পে যানবাহনের সারি কয়েকশ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, গুজব ছড়িয়ে পড়ার পর হঠাৎ করেই বিপুলসংখ্যক চালক একসঙ্গে তেল নিতে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
একটি পাম্পের বিক্রয়কর্মী রফিকুল ইসলাম বলেন, পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু ফেসবুকে গুজব ছড়ানোর পর একই সময়ে শত শত যানবাহন চলে আসায় দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
মোটরসাইকেল চালক আরিফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের সংকটের খবর দেখে ট্যাংক পূর্ণ করতে এসেছিলেন। পরে পাম্পে এসে জানতে পারেন, বাস্তবে কোনো সংকট নেই।
গুজব প্রতিরোধে বৃহস্পতিবার বিকাল থেকে জেলা তথ্য অফিস শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায়।
জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে, প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত না করতে এবং যেকোনো তথ্য সরকারি বা বিশ্বস্ত উৎস থেকে যাচাই করার আহ্বান জানান।
মতামত দিন